বীরভূমের বোলপুর মহকুমা শাসকের দপ্তরে বিজেপি ও তৃণমূল দলের প্রার্থীদের মনোনয়ন পেশে তৎপরতা: নিরাপত্তার চাদরে ঢাকা গোটা এলাকা

শম্ভুনাথ সেনঃ

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে উঠতেই তপ্ত বীরভূমের মাটি। আজ, ২ এপ্রিল, বোলপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। এদিন বোলপুর, নানুর এবং লাভপুর—এই তিন বিধানসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। প্রশাসনের পক্ষ থেকে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রহণ করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। মহকুমা শাসকের দপ্তরের প্রধান ফটকে ছিল কঠোর তল্লাশি। কোনো বহিরাগত বা পরিচয়হীন ব্যক্তিকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সিসিটিভি ক্যামেরায় নজরদারির মাধ্যমে পুরো চত্বরকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়।
বোলপুর কেন্দ্রের তৃণমূলের চন্দ্রনাথ সিংহ, বিজেপির দিলীপ কুমার ঘোষ, নানুর কেন্দ্রের জন্য তৃণমূলের বিধানচন্দ্র মাঝি, বিজেপির খোকন দাস ও লাভপুর কেন্দ্রের জন্য তৃণমূলের অভিজিৎ সিংহ, বিজেপির দেবাশীষ ওঝা তাঁদের কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন মহকুমা শাসকের দপ্তরে। প্রত্যেক দলের প্রার্থী সাথে দুজন করেই দপ্তরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তবে মনোনয়ন জমাকে ঘিরে দু পক্ষের মধ্যে জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনার সৃষ্টি হয়। সব মিলিয়ে, গণতন্ত্রের এই মহোৎসবে কড়া প্রহরা আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহে সরগরম ছিল বোলপুর মহকুমা শাসকের চত্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *