
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি থানার তেজহাটি টোল প্লাজার কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা-গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আজ ৩ এপ্রিল শুক্রবার সকাল ৮টা নাগাদ রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ধারের একটি ঝোপের মধ্যে স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি পড়ে থাকতে দেখেন। দেহটি থেকে দুর্গন্ধ বেরোনোয় সন্দেহ দানা বাঁধে এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। দেহটি পচে যাওয়ায় এবং মুখ বিকৃত থাকায় এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। রাস্তার ধারের ঝোপে মৃতদেহটি কোথা থেকে এল এবং এটি খুন না অন্য কিছু, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়।
