
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নানুরে বিজেপি কর্মীকে হুমকির অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, নানুর ব্লকের বিজেপির ২ নম্বর মণ্ডল তপশিলি উপজাতি মোর্চার সভাপতি শিবলাল সোরেনকে লক্ষ্য করে বারবার হুমকি দেওয়া হয়। পেশায় টোটোচালক শিবলালবাবুর অভিযোগ, বিজেপি করার অপরাধে তাঁকে স্থানীয় স্ট্যান্ডে টোটো রাখতেও বাধা দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আজ ৩ এপ্রিল,শুক্রবার বিকেলে নানুর থানার সামনে অবস্থান-বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা-কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে থানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান তাঁরা। নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাসের দাবি, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদিও নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
