
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা দাবা সংস্থার (All Birbhum Chess Association) পরিচালনায় ৩ এপ্রিল, শুক্রবার সিউড়ি প্রভাত জ্যোতির্ময়ী কলেজে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য জেলা ব্যাপী বয়স ভিত্তিক দাবা চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের ফাউন্ডার লছমন বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলা দাবা সংস্থার সভাপতি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮৯ জন উদীয়মান দাবারু এই মেধা যুদ্ধে শামিল হয়েছিল।

মোট ৬ রাউন্ডের এই প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড়কে ২০ মিনিট করে সময় দেওয়া হয়। বালক ও বালিকাদের অনূর্ধ্ব ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯ এবং ওপেন গ্রুপে এই লড়াই চলে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান আব্দুল সফি, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ কুমার পাল ও জেলা দাবা সংস্থার সদস্যবৃন্দ।

বীরভূম জেলা দাবা সংস্থার সম্পাদক বিজয় সাউ জানান, দাবার প্রচার ও প্রসারের লক্ষ্যে জেলায় আগামীতেও এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে। এদিন প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে, তারা আগামীতে রাজ্য পর্যায়ের দাবা প্রতিযোগিতায় বীরভূম জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।



