
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নির্বাচনী উত্তাপের মধ্যেই রামপুরহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা বেছে নিলেন জনসংযোগের এক অভিনব মাধ্যম। সোমবার তিনি বড় গাড়ির কনভয় ছেড়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়েই সাধারণ মানুষের অতি পরিচিত টোটোতে চেপে কাদাডিহি গ্রামে রবীবাসরীয় প্রচারে নামেন। সময় নষ্ট না করে প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোই এখন তাঁর মূল লক্ষ্য। গ্রামের অলিগলি ঘুরে তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা মন দিয়ে শোনেন। রাজনৈতিক মহলের মতে, বড় জনসভার বদলে এই ধরণের ঘরোয়া প্রচার সাধারণ মানুষের মনে গভীর বিশ্বাস ও আগ্রহ তৈরি করছে। বাড়ির দোরগোড়ায় প্রার্থীকে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরাও। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় কোনো ফাঁক না রেখে এভাবেই মানুষের ঘরের লোক হয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রামপুরহাটের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা।
