
শম্ভুনাথ সেনঃ
রবিবাসরীয় প্রচারে বীরভূমের হাসন বিধানসভা কেন্দ্রের রামপুরহাট ২ নং ব্লকের মারগ্রাম ২ নং অঞ্চলে এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচার ও নিবিড় জনসংযোগ কর্মসূচি সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল সেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের দাপুটে নেতা কাজল সেখ এদিন সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মারগ্রামের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মানুষের ঘরে ঘরে পৌঁছান।
এদিন প্রচারের শুরু থেকেই তৃণমূল কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রার্থী সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং বর্তমান সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ও বার্ধক্য ভাতার মতো উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে সঠিকভাবে পৌঁছেছে কি না, তার খোঁজ খবর নেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল সেখ বলেন, “মানুষের স্বতঃস্ফূর্ত সাড়াই বুঝিয়ে দিচ্ছে যে তাঁরা উন্নয়নের পক্ষে আছেন। বীরভূমের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি এবং হাসন কেন্দ্রে বিপুল ভোটে জয় আমাদের নিশ্চিত।” সাধারণ মানুষের সাথে তাঁর এই আন্তরিক আলাপচারিতা এবং সরাসরি জনসংযোগ এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। এলাকার বয়স্ক মানুষদের আশীর্বাদ নিতে এবং শিশুদের সাথে হাসিমুখে কথা বলতে দেখা যায় প্রার্থীকে। এই প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন স্থানীয় ব্লকের তৃণমূল নেতৃত্ব ও দলীয় সমর্থকরা।
