স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খয়রাসোলে নির্বাচনী জনসভা উপলক্ষে বিজেপি নেতৃত্বের মাঠ পরিদর্শন

সেখ রিয়াজুদ্দিনঃ

২০২৬ বিধানসভা নির্বাচনে এবার রাজ্যে দুদফায় ভোট অনুষ্ঠিত হবে। যার মধ্যে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে বীরভূম জেলায়। সেই প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে জনসভা করতে আসছেন। বিশেষ করে এবার বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের প্রতি তৃণমূল কংগ্রেস ও বিজেপি পাখির চোখ করে ভোটের ময়দানে অবতীর্ণ। উল্লেখ্য ২০১৬ সালে দুবরাজপুর বিধানসভার আসনটি বামফ্রন্টের কাছ থেকে তৃণমূল দখল করে। ২০২১ সালে জেলার ১১ টি আসনের মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেয়। সেই হিসেবে এবারে এই আসনটি বিজেপি ধরে রাখতে মরিয়া অন্যদিকে তৃণমূল কংগ্রেস আসনটি পুনরুদ্ধারে আদা জল খেয়ে ভোটের ময়দানে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরির সমর্থনে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের খয়রাশোল গোষ্ঠডাঙাল মাঠে প্রথম নির্বাচনী জনসভা করে গেছেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আগামী ১৩এপ্রিল খয়রাসোলের উক্ত মাঠেই নির্বাচনী জনসভা করবেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহার সমর্থনে। সেই উপলক্ষে ৮ এপ্রিল বুধবার বিজেপি জেলা, ব্লক ও মন্ডলের নেতৃবৃন্দ জনসভাস্থল সহ হেলিপ্যাড এর মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন বীরভূম জেলার প্রবাসী কার্যকর্তা শ্রী বিরিঞ্চি নারায়ন, বীরভূম জেলা বিজেপির সভাপতি উদয় শংকর ব্যানার্জি, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অবজারভার অনুপম বাগ, মন্ডল সম্পাদক বাপি চক্রবর্তী প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *