
শম্ভুনাথ সেনঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নামলেন মুরারই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। আজ ৯ এপ্রিল সকাল থেকেই রোদ উপেক্ষা করে মুরারই ১ নম্বর ব্লকের পলসা অঞ্চলের গ্রামগুলিতে জনসংযোগ সারলেন তিনি। এদিন সকাল ঠিক দশটা নাগাদ পলসা অঞ্চলের সাফুয়া গ্রাম থেকে তাঁর প্রচার অভিযান শুরু হয়। এরপর একে একে পলসা অঞ্চলের বিভিন্ন প্রান্তে পৌঁছে যান তিনি। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি কথা বলা, তাঁদের অভাব-অভিযোগ শোনা এবং বিগত দিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরাই ছিল এই সফরের মূল লক্ষ্য। বিধায়কের এই প্রচার কর্মসূচিতে শামিল হয়েছিলেন একঝাঁক হেভিওয়েট নেতৃত্ব। মোশারফ হোসেনের সঙ্গে এদিনের মিছিলে পা মেলান মুরারই ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার ঘোষ, সহ-সভাপতি আসগর আলী, বীরভূম জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম, আলী হোসেন সহ এছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই প্রচার অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গ্রামে গ্রামে প্রচারের সময় সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মুরারইয়ের রাজনৈতিক পারদ এখন ঊর্ধ্বমুখী।

