
শম্ভুনাথ সেনঃ
জনসেবা আর ভালোবাসার মধ্য দিয়েই প্রিয়জনকে আগলে রাখা যায়—এই বার্তাই প্রতিফলিত হলো বীরভূমের দুবরাজপুরে অর্ক পাণ্ডের দ্বিতীয় প্রয়াণ বার্ষিকীর অনুষ্ঠানে। দুবরাজপুর পুরসভার পুরপিতা পীযূষ পাণ্ডের একমাত্র পুত্র অর্কর অকাল প্রয়াণ আজও যেন শহরবাসীর মনে দগদগে ক্ষত। ১০ এপ্রিল তাঁর স্মৃতিতে আয়োজিত হল এক আবেগঘন স্মরণসভা। নায়কপাড়া পার্কে অর্ক পাণ্ডের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন তাঁর পিতা পীযূষ পাণ্ডে ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০২৪ সালের এই দিনেই মাত্র ৩১ বছর বয়সে যকৃতের রোগে আক্রান্ত হয়ে হায়দ্রাবাদের এক হাসপাতালে প্রাণ হারান অর্ক।

তাঁর সেই স্মৃতিকে অমলিন রাখতেই এদিন ‘অর্ক পাণ্ডে স্মৃতিরক্ষা কমিটি’র পক্ষ থেকে এক বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে প্রায় দুই হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। সেবামূলক কাজের অঙ্গ হিসেবে এদিন আয়োজিত রক্তদান শিবিরে অর্কর বন্ধু ও পরিজন সহ ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যা সংগ্রহ করে সিউড়ি সদর ব্লাড সেন্টার কর্তৃপক্ষ। রক্ত দাতাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র সহ স্মৃতি স্মারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের স্বামী সত্যশিবানন্দ মহারাজ, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, দুবরাজপুর পুরসভার উপ-পুরপিতা মির্জা সৌকত আলি সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ ও আত্মজনেরা। বক্তাদের বক্তব্যে উঠে আসে অর্কর অমায়িক জীবন যাপন ও সমাজসেবার প্রতি তাঁর অনুরাগের কথা। এদিন বিয়োগের বেদনা ছাপিয়ে দিনটি হয়ে উঠে আর্ত মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত।

