উন্নয়নের অঙ্গীকার: বীরভূমের রামপুরহাটে তৃণমূলের ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ ও ইশতেহার প্রকাশ

শম্ভুনাথ সেনঃ

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বীরভূমের রামপুরহাটে কোমর বেঁধে নামল তৃণমূল কংগ্রেস। স্থানীয় দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী ইশতেহার প্রকাশ ও ‘প্রতিজ্ঞা স্তম্ভ’ উন্মোচন করলেন তৃণমূল প্রার্থী ড. আশিস বন্দ্যোপাধ্যায়। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ড. বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানান, পুনরায় ক্ষমতায় এলে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নই হবে তাঁর মূল লক্ষ্য। ঘোষিত ইশতেহারে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে ময়ূরেশ্বরের পুরাতনগ্রাম পর্যন্ত দ্বারকা নদীর ওপর সেতু এবং দেবুরিয়া গ্রামে নতুন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শহরের ক্রীড়াপ্রেমীদের জন্য একটি ইনডোর স্টেডিয়াম এবং সাধারণ মানুষের সুস্বাস্থ্যের প্রয়োজনে মেডিক্যাল কলেজে MRI পরিষেবা ও বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের কথা উল্লেখ রয়েছে ইশতেহারে। এছাড়াও রয়েছে ফুটপাথ বিক্রেতাদের পুনর্বাসন, আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য সাংস্কৃতিক কেন্দ্র এবং পৃথক আদিবাসী বিদ্যালয় স্থাপনের অঙ্গীকার। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কৃষি উন্নতির জন্য কোল্ড স্টোরেজ তৈরির পাশাপাশি যুবকদের কর্মসংস্থানমুখী করতে নার্সিং ও আইটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ইশতেহার ঘিরেই এখন সরগরম রামপুরহাটের রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *