
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে রাজনৈতিক প্রচারের পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেলিব্রেটি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সকলেই দিনরাত এক করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনার চেষ্টায় মরিয়া। তাইতো ঝড়বৃষ্টি, প্রখর রৌদ্র মাথায় নিয়ে সময়ের অপব্যবহার না করে জনসংযোগ সহ বিভিন্ন ধরনের কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ছে। অনুরূপ ১১ এপ্রিল শনিবার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের ভীমগড় পঞ্চপল্লী ক্লাব সংলগ্ন এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে। পথসভায় উপস্থিত সাংসদ শতাব্দী রায় বলেন তৃণমূল কংগ্রেস সরকার আপনাদের দেওয়ার পর ভোট চাইতে এসেছি। অন্য দলগুলি দেব বলে ভোট চাইছে। আমরা আগে দিয়েছি তারপর ভোট চাইছি। বিজেপি কোনো কিছু না দিয়েই দেবো বলে ভোট চাইছে এটাই পার্থক্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে। মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন। মুখ্যমন্ত্রী ঘোষিত ৯৪ টা প্রকল্প আজোও সমানতালে চলছে। বন্ধের আশঙ্কা নেই। কিন্তু বিজেপি সরকার সমস্ত কিছুতেই লাইনে দাঁড় করিয়ে দেয়। আঁধার কার্ডের লাইন, গ্যাসের জন্য লাইন, এস আই আর এর লাইন ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাজ্য সরকারের প্রকল্পের সুবিধা লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী ইত্যাদির টাকা বাড়িতে বসেই পাচ্ছেন। তিনি ভোটারদের আবেদন করেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের দিকে তাকিয়ে আপনারা তৃণমুল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন। পথসভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি, খয়রাশোল ব্লক তৃণমুল কংগ্রেসের কোর কমিটির সদস্য শ্যামল গায়েন, কাঞ্চন দে, উজ্জ্বল হক কাদেরী, মৃণাল কান্তি ঘোষ, কেন্দ্র গড়ে অঞ্চল সভাপতি কৈলাশ বাউরী, অঞ্চল নেত্রী বাবলি চক্রবর্তী, ব্লক মহিলা তৃণমূল নেত্রী রুনু সিংহ প্রমুখ নেতৃবৃন্দ।
