
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার নতুন বাজার মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জিসান সেখ নামে এক যুবক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ১৬ এপ্রিল স্থানীয় রঘুনাথপুর গ্রামের বাসিন্দা জিসান ওই এলাকায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। কাজ চলাকালীন লোহার রড বাঁধতে গিয়ে আচমকাই তা পার্শ্ববর্তী ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎবাহী তারে ঠেকে যায়। গুরুতর আহত অবস্থায় জিসানকে দ্রুত মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে বাড়ির মালিকের কাছে উপযুক্ত আর্থিক সাহায্যের দাবি জানানো হয়েছে।

