
শম্ভুনাথ সেনঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বীরভূমের রামপুরহাটে এক অনন্য সচেতনতামূলক প্রচার চালালেন রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত প্রখ্যাত বাউল শিল্পী স্বপন দত্ত। পূর্ব বর্ধমান থেকে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে এসে তিনি সুরের মূর্ছনায় সাধারণ মানুষকে ভোটদানে উদ্বুদ্ধ করেন। গানের ছন্দে তিনি বার্তা দেন, একটি ভোটই গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার এবং তা সঠিক প্রয়োগ করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনি মানুষকে নির্ভয়ে এবং সজাগ হয়ে বুথমুখী হওয়ার আহ্বান জানান। বাউল গানের এই মিষ্টতার মাধ্যমে প্রচারটি স্থানীয় মানুষের মনে গভীর প্রভাব ফেলে। শিল্পীর আবেদন— “নিজের অধিকার নষ্ট করবেন না, নিজের ভোট নিজেই দিন”। বাউল শিল্পীর এই অভিনব উদ্যোগ শহরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
