
শম্ভুনাথ সেনঃ
আজ ২৩শে এপ্রিল ২০২৬, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিনে বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে ব্যাপক অশান্তি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় বুথ নম্বর ৬৫-তে ভোটারদের এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে। স্থানীয় ভোটারদের দাবি ছিল, তৃণমূলের প্রতীকে ভোট দিলে তা যান্ত্রিক ত্রুটির কারণে বিজেপির পক্ষে পড়ছে। এই অভিযোগ ঘিরেই বুথের সামনে বিক্ষোভ শুরু হয়, যা দ্রুত চরম হিংসাত্মক রূপ নেয়। উত্তেজিত জনতা সেখানে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পিস্তল উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করতে দেখা যায়। সংঘর্ষের জেরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও গাড়িচালক আহত হয়েছেন এবং বেশ কিছু সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। জনতাকে ছত্রভঙ্গ করতে প্রথমে সেনাবাহিনী লাঠিচার্জ করে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চলছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত কড়াকড়ির অভিযোগ তুলেছেন। এলাকাটি বর্তমানে থমথমে হয়ে রয়েছে।
