
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের শান্তিনিকেতনে এক নাবালিকার উপর শারীরিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ ২৭ এপ্রিল, সোমবার রণক্ষেত্রের চেহারা নিল শান্তিনিকেতন থানা চত্বর। এদিন ‘বহ্নিশিখা’ নারী নিগ্রহ প্রতিবাদ কমিটির আহ্বানে আয়োজিত একটি বিশাল বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মিছিলে শামিল হয়েছিলেন নির্যাতিতার পরিবার সহ কয়েক’শ গ্রামবাসী। উল্লেখ্য, কয়েকদিন আগে শান্তিনিকেতনের একটি বেসরকারি হোমে ওই নাবালিকা নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ। প্রতিবাদীদের দাবি, এই জঘন্য অপরাধের সাথে যুক্ত প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি, নির্যাতিতার মামাকে কোনো কারণ ছাড়াই পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তুলে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বিক্ষোভকারীদের স্পষ্ট বার্তা, দোষীরা শাস্তি না পাওয়া পর্যন্ত এবং পুলিশি হেনস্থা বন্ধ না হওয়া পর্যন্ত তাঁরা থামবেন না। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপও দাবি করেছেন তাঁরা। কমিটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, অবিলম্বে সঠিক বিচার না মিললে এই আন্দোলন কেবল শান্তিনিকেতনে সীমাবদ্ধ থাকবে না, বরং রাজ্য তথা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের সমগ্র এলাকা থমথমে।
