
শম্ভুনাথ সেনঃ
ভয়াবহ পথ দুর্ঘটনায় দাদু ও নাতির মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে আজ ৩০ এপ্রিল, বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এদিন দুপুরে ভর্তা মোড় এলাকায় মোটর ভ্যানের সাথে বাইকের সংঘর্ষে প্রাণ হারান ৫০ বছর বয়সী কাদের সেখ। গুরুতর জখম সাত বছরের নাতি তামিম সেখকে হাসপাতালে আনা হলে সেখানেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। পরিবারের দাবি, জরুরি বিভাগে কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না। দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় পড়ে থাকার ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। এই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। তারা নার্স ও স্বাস্থ্যকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করলে হাসপাতালের পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য গাফিলতির অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল এবং সিনিয়র ডাক্তার আসার আগেই তার মৃত্যু হয়। এক নিমেষে একটি পরিবারের দুই সদস্যকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


