
শম্ভুনাথ সেনঃ
এক পরিযায়ী শ্রমিক ভোট দেওয়ার জন্য বাড়ি ফিরেছিলেন। কিন্তু সেই আনন্দের আগমন বদলে গেল চরম বিষাদে। শান্তিনিকেতন থানার অন্তর্গত রাওতারা গ্রামে শ্বশুরবাড়িতে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম উদয় বাগদি (৩৫), যার নিজের বাড়ি লাভপুর থানার খয়েরবুনি গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, ভোট দেওয়ার উদ্দেশ্যে উদয় গ্রামে ফেরেন এবং স্ত্রীকে নিয়ে রাওতারা গ্রামে শ্বশুরবাড়িতে যান। অভিযোগ, সেখানে পারিবারিক বচসার জেরে লোহার শাবল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। শাবলের আঘাতে তাঁর বুকের পাঁজর ভেঙে যায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, নিহতের স্ত্রীর দাবি ভিন্ন। তাঁর মতে, উদয় উপার্জিত অর্থ সংসারে না দিয়ে নেশায় ওড়াতেন। সেই ক্ষোভ থেকেই ছেলের সাথে বাবার হাতাহাতি ও সংঘর্ষের সূত্রপাত। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
