শ্রমিক দিবসেই স্বপ্নভঙ্গ: তারাপীঠে বাস-বাইক সংঘর্ষে প্রাণ হারালেন তরুণ রাজমিস্ত্রি

শম্ভুনাথ সেনঃ

মে দিবসের সকালেই রক্ত ঝরল বীরভূমের তারাপীঠে। যখন সারা বিশ্ব শ্রমের মর্যাদা উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই পেটের দায়ে কাজে বেরিয়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হলেন এক তরুণ শ্রমিক। আজ ১ মে, শুক্রবার সকালে তারাপীঠ থানার ভেড়ামারি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ বছর বয়সী সামিউল শেখের।
নিমপাখুড়িয়া গ্রামের বাসিন্দা সামিউল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিন সকালে বাইক নিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারাপীঠ থেকে ছেড়ে আসা কলকাতা অভিমুখী একটি দ্রুতগামী স্টেট বাস ভেড়ামারি মোড়ে আচমকা রং সাইডে ইউ-টার্ন নিতে গেলে ঘটে এই বিপত্তি। বাসের জোরালো ধাক্কায় ছিটকে পড়েন সামিউল। মাথায় গুরুতর আঘাত নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক। এই রাজমিস্ত্রীর অকাল এই মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা গ্রামে। মে দিবসের সকালেই এক পরিশ্রমী প্রাণের এমন করুণ পরিণতিতে স্থানীয়দের ক্ষোভ তুঙ্গে। এক লহমায় শেষ হয়ে গেল ১৮ বছরের তরুণের সব লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *