
শম্ভুনাথ সেনঃ
যথাযোগ্য মর্যাদায় “আন্তর্জাতিক মে দিবস” পালন করল তৃণমূল কংগ্রেস। আজ ১ মে,শুক্রবার সকালে বীরভূমের রামপুরহাট দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিদায়ী বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় এবং শহর আইএনটিটিইউসি-র সভাপতি আব্দুল রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে আব্দুল রাকিব ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সেই ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, আট ঘণ্টা কাজের দাবিতে আত্মবলিদান দেওয়া শ্রমিকদের সম্মান জানাতেই প্রতি বছর এই দিনটি পালিত হয়। ১৯২৩ সাল থেকে ভারতে মে দিবস পালনের সূচনার কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। ডঃ আশিস বন্দ্যোপাধ্যায় শ্রমিক শ্রেণির স্বার্থ রক্ষায় দলের নিরন্তর লড়াইয়ের কথা তুলে ধরেন। সব মিলিয়ে, রাজনৈতিক কর্মসূচি ও শ্রমিক সংহতির আবহে রামপুরহাটে উদযাপিত হল ১ মে।
