
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে অনেক শ্রমিকের গেট পাস কেড়ে নেওয়া হয়েছিল। শ্রমিকদের মারধর করা হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনে বিজেপি বিপুল মার্জিনে জেতার পরে বিজেপি পাল্টা ওই রাস্তা নিতে পারে এইরকম আতঙ্ক কাজ করছিল তৃণমূল সমর্থিত বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকদের মধ্যে। তাই শ্রমিকরা যাতে নির্ভয়ে কাজ করে, ভয়ের পরিবেশ কাটিয়ে নির্ভয়ে কাজে যোগ দেয় সেই বার্তা নিয়ে বুধবার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল গেটে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াইয়ের নেতৃত্বে চিনপাই অঞ্চল বিজেপির কর্মীরা সকল শ্রমিকদের মিষ্টি বিতরণ করে মুখ মিষ্টির পথ অবলম্বন করে। সেই সাথে শ্রমিকরা যাতে নির্ভয় কাজে যোগ দেয় সেই বার্তা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। উল্লেখ্য সিউড়ি বিধানসভা কেন্দ্র থেকে নব নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্রোপাধ্যায় ও ভোট পরবর্তী হিংসা রোধে নিজের নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে জনগণকে ভয় মুক্ত পরিবেশে থাকার আশ্বস্ত করে বেড়াচ্ছেন। পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যেও সতর্ক বার্তা দিয়েছেন। এমনকি প্রশাসনকেও রং না দেখে অন্যায়কারীদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য বলেন।

