ভোট-পরবর্তী প্রতিহিংসা: বীরভূমের সিউড়ীতে পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ীতে ভোটের ফলপ্রকাশের পর জনমানসে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সিউড়ী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় তিনটি পানীয় জলের বোরিং-এর বিদ্যুৎ সংযোগের তার কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ওই এলাকায় বিজেপি লিড পাওয়ায় পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। উল্লেখ্য, দাসপাড়া মূলত তপশিলী সম্প্রদায় অধ্যুষিত এলাকা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে জল আনতে গিয়ে তারা দেখেন পাম্পগুলো অচল। ভোটের আগেও একবার একই কায়দায় হেনস্থা করা হয়েছিল বলে তাদের অভিযোগ। তীব্র দাবদাহে জলকষ্টে দিশেহারা মানুষজন পুলিশের দ্বারস্থ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ী থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত জল পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাধারণ মানুষের মৌলিক পরিষেবা কেড়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *