
শম্ভুনাথ সেনঃ
বকেয়া বেতন এবং মজুরি বৈষম্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বীরভূমের রামপুরহাট। ১৪ মে বৃহস্পতিবার সকালে শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে ঝাড়ু হাতে বিক্ষোভ দেখান পুরসভার শতাধিক অস্থায়ী ও স্যানিটারি কর্মী। অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নথিতে তাদের বেতন প্রায় ৭,০০০ টাকা দেখানো হলেও বাস্তবে তারা পাচ্ছেন মাত্র ১,৯০০ টাকা। এই বিশাল অঙ্কের টাকার গরমিল নিয়ে ‘কাটমানি’র অভিযোগ তুলেছেন কর্মীরা। তাদের দাবি, দীর্ঘ দুই মাস ধরে বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। পুরপ্রধান সৌমেন ভগত জানিয়েছেন, সরকারি স্তরে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়ার কারণে কাজে কিছুটা দেরি হয়েছে। তবে জেলাশাসকের সঙ্গে কথা বলে দ্রুত বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা।
