
শম্ভুনাথ সেনঃ
রাজনীতিতে সময়ের চাকা কখন কোন দিকে ঘোরে, তা বলা বড় মুশকিল। একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড়েই এখন ছবিটা সম্পূর্ণ উল্টো। বিধানসভা নির্বাচনে বোলপুর পুরসভা এলাকায় বিজেপির বিপুল লিড এবং অনুব্রতর নিজের ২২ নম্বর ওয়ার্ডেই ঘাসফুল শিবিরের ভরাডুবির পর, এলাকা এখন কার্যত ‘কেষ্ট’ দাপটমুক্ত।
নির্বাচনের আগে অনুব্রত সাংবাদিকদের ক্যামেরার সামনে হুঙ্কার দিয়েছিলেন, বিজেপি ২০০ আসন নিয়ে ক্ষমতায় এলে তিনি একদিকের চুল ও গোঁফ কামিয়ে ঘুরবেন। এবার সেই মন্তব্যকে হাতিয়ার করেই বোলপুরের বিজেপি কর্মী ও টোটো চালক সুকেশ চক্রবর্তী তাঁর টোটোর পিছনে অনুব্রতর একদিকের চুল-গোঁফ কামানো একটি ব্যাঙ্গাত্মক এআই (AI) ছবি লাগিয়ে ঘুরছেন।
অন্যদিকে, অনুব্রতর নিজের দেওয়া পুরোনো দাওয়াই ‘চড়াম-চড়াম ঢাক’ এবার বাজল তাঁরই নীচুপট্টীর বাড়ির সামনে। বিজেপির বিজয় মিছিলে সেই ঢাকে কাঠি দিতে দেখা গেল খোদ অনুব্রতর দুঃসম্পর্কের ভাই সুমিত মণ্ডলকে। সুমিতবাবুর দাবি, “বিজেপি মানুষের মনে জায়গা করে নিয়েছে, তাই এই বিজয়োল্লাস।” একসময়ের বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ানো নেতার এমন পরিণতি এখন বোলপুরের আনাচে-কানাচে মস্ত বড় হাসির খোরাক।
