
শম্ভুনাথ সেনঃ
ফলাফল যাই হোক, লাল মাটির বুকে আবেগের জয়ধ্বনি থামেনি। বীরভূমের বোলপুর বিধানসভার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী ও পায়ের গ্রামে ১৮ মে দেখা গেল এক অনন্য উৎসবের কোলাজ। বিধানসভা নির্বাচনে আসন অধরা থাকলেও, মানুষের ভালোবাসাকে সঙ্গী করে এক বিশাল বিজয় মিছিলে মেতে উঠলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। আকাশে ওড়া গেরুয়া আবির আর বাতাসে ‘জয় শ্রীরাম’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্রাম বাংলার পথঘাট। ঢাক, ঢোল ও কাঁসরের তালে পা মেলান ৮ থেকে ৮০ বছর বয়সী আবালবৃদ্ধবনিতা। মিছিলে শামিল মা-বোনেদের শঙ্খধ্বনি ও আশীর্বাদ প্রমাণ করেছে এই লড়াই মাটির টানের।

অন্যদিকে একই উদ্দীপনা ধরা পড়ল মুরারই দু’নম্বর ব্লকের পাইকর গ্রামেও। যদিও বোলপুর ও মুরারই—উভয় আসনেই জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, তবুও বিজেপির এই স্বতঃস্ফূর্ত মিছিলে ছিল না কোনো হতাশা। প্রশাসনের কড়া নজরদারিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই মিছিল যেন নিয়ে আসে বিজেপির প্রতি মানুষের বিশ্বাসের এক নতুন সংহতির বার্তা।

বীরভূমের দুবরাজপুরে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভূতপূর্ব জয়কে উদযাপন করতে ১৭ মে রবিবার সকাল ঠিক ৯ টায় দুবরাজপুর পুরশহরে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য ‘অভিনন্দন যাত্রা’।
সকাল থেকেই দুবরাজপুরের ঐতিহ্যবাহী পাহাড়েশ্বর শিব মন্দির সংলগ্ন চত্বরে ভিড় জমাতে শুরু করেন দলের শয়ে শয়ে উৎসাহিত কার্যকর্তা ও সমর্থকরা। তাঁদের চোখে-মুখে ছিল জয়ের উল্লাস আর হাতে ছিল দলীয় পতাকা। ঠিক সময়ে সেখান থেকেই শুরু হয় মূল বিজয় মিছিল, যা পরে গোটা পুরশহর পরিক্রমা করে।
এদিনের এই বর্ণাঢ্য মিছিলের অগ্রভাগে ছিল এক অভিনব দৃশ্য। একদিকে যেমন ছিল মহিলা ঢাকিদের ছন্দোবদ্ধ ঢাকের আওয়াজ ও ব্যান্ড পার্টি, ঠিক তেমনই অন্যদিকে ছিল আকর্ষণের কেন্দ্রে থাকা একটি প্রতীকী বুলডোজার।এই জমকালো অভিনন্দন যাত্রার মূল নেতৃত্বে ছিলেন দুবরাজপুর বিধানসভার দু-দুবারের জনপ্রিয় বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও এদিনের মিছিলে পা মিলিয়েছিলেন এলাকার একঝাঁক প্রথম সারির নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত উদ্যোক্তাদের মধ্যে ছিলেন দেবজ্যোতি সিংহ (দুবরাজপুর টাউন সভাপতি), মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, বিশিষ্ট শিক্ষক বিভাস দাস,টুটুন নন্দী,অনুপম বাগ, মহিলা নেতৃত্ব রীতা ঘোষ পাল প্রমুখ।পাহাড়েশ্বর শিবমন্দির থেকে শুরু হওয়া এই উৎসবমুখর মিছিলটি জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে সমগ্র পুরশহরের প্রধান প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে অভিনন্দন জানান। অবশেষে বিপুল উন্মাদনার মধ্য দিয়ে মিছিলটি এসে পৌঁছায় স্থানীয় রঞ্জনবাজারে। সেখানেই এদিনের এই সফল অভিনন্দন যাত্রার সমাপ্তি ঘটে। সব মিলিয়ে রবিবাসরীয় সকালে দুবরাজপুর পুরশহর সাক্ষী থাকল বিজেপির এক ঐতিহাসিক ও স্মরণীয় বিজয় উৎসবের।

