
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচন মিটলেও বীরভূমের নানুরে কাটেনি রাজনৈতিক উত্তাপ। ভোট-পরবর্তী হিংসায় নিহত তৃণমূল নেতা আবির সেখের পরিবারের পাশে দাঁড়াতে ২০ মে, বুধবার সন্তোষপুর গ্রামে পৌঁছাল শাসকদলের উচ্চপর্যায়ের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। উল্লেখ্য, গত ৫ মে বিকেলে রাস্তার ওপর নৃশংসভাবে গলা কেটে খুন করা হয় আবির সেখকে। হামলায় গুরুতর জখম হন আরও এক কর্মী। এদিন নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রতিনিধি দলের সদস্যরা।
ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়। এই তথ্যানুসন্ধানকারী দলে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বীরবাহা হাঁসদা, প্রতিমা মন্ডল, সাংসদ সামিরুল ইসলাম এবং অসিত মাল। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের বিধায়ক কাজল সেখ ও নানুর বিধানসভার তৃণমূলের বিধায়ক বিধান চন্দ্র মাঝি। তৃণমূল নেত্রী প্রতিমা মন্ডল এই ঘটনার তীব্র নিন্দা করে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন। দোষী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
