
সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত “জনজাতি গৌরব উৎসব ২০২৬”-এর অংশ হিসেবে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের দুবরাজপুর ব্লকের বসহরি এলাকার কলুশীর্ষা এবং খয়রাসোল ব্লকের দেবগঞ্জ আদিবাসী অধ্যুষিত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনভাগিদারী শিবির অনুষ্ঠিত হয়। গত ১৮ মে শুরু হওয়া এই শিবিরের সমাপ্তি হয় ২৫ মে।
সপ্তাহব্যাপী এই শিবিরে আদিবাসী সম্প্রদায়ের মানুষের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তাঁদের পারিবারিক ও সামাজিক সমস্যার কথাও নথিভুক্ত করা হয়। গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি পরিষেবা না পাওয়ার অভিযোগ ব্লক প্রশাসনের আধিকারিকদের কাছে তুলে ধরেন গ্রামবাসীরা। শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি এবং খয়রাসোল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস, শিক্ষক বাপী চক্রবর্তী, সমাজসেবী কার্তিক গোপ, অশোক ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিডিও সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি বিধায়কও এলাকার আদিবাসী মানুষের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ সঠিকভাবে পান, সে বিষয়ে পরামর্শ দেন।
একান্ত সাক্ষাৎকারে বিধায়ক সপ্তাহব্যাপী “জনজাতি গৌরব উৎসব”-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে দেবগঞ্জ আদিবাসী গ্রামের বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, এখনও পর্যন্ত গ্রামের কেউই আবাস যোজনার বাড়ির সুবিধা পাননি।
