ঐতিহ্য ও সম্প্রীতির মেলবন্ধন: বীরভূমের খুষ্টিগিরী দরগাহ শরীফে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ সম্পন্ন

শম্ভুনাথ সেনঃ

এক মহিমান্বিত ও শান্তিপূর্ণ পরিবেশে বীরভূমের পাড়ুই থানার খুষ্টিগিরীতে উদযাপিত হলো পবিত্র ঈদ-উল-আযহা। আজ, ২৮ মে সকাল ৭টায় হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর ঐতিহাসিক মাজার শরীফ প্রাঙ্গণে ঐতিহ্যবাহী ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এই পবিত্র ক্ষণে সামিল হতে সকাল থেকেই দূর-দূরান্ত এবং পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য পুণ্যার্থীর ঢল নামে।


নামাজ শেষে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। ধর্মপ্রাণ মানুষ একে অপরের সঙ্গে কোলাকুলি ও করমর্দন করে ঈদের প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পুণ্যার্থীরা হজরত সাঈয়েদেনা শাহ আব্দুল্লাহ কেরমানী (রহঃ) ও তাঁর বংশধরদের মাজার শরীফ জিয়ারত করে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।
দরগাহ শরীফের গদ্দিনেশীন তত্ত্বাবধায়ক সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী সাহেব উৎসবের শান্তিপূর্ণ সমাপ্তিতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে ত্যাগ, সংযম ও আত্মদানের এই পুণ্য উৎসবে মানবতাবোধ, শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *