
শম্ভুনাথ সেনঃ
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করল বিজেপি সরকার। ১ জুন থেকে রাজ্যজুড়ে কার্যকর হলো মহিলাদের জন্য নিঃখরচায় সরকারি বাসে ভ্রমণের ঐতিহাসিক সিদ্ধান্ত। বীরভূম জেলাতেও ১ জুন, সকাল থেকেই এই নতুন পরিষেবা চালু হয়েছে। এদিন সদর সিউড়ির সরকারি বাস ডিপোতে মহিলাদের মধ্যে তুমুল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে।
আপাতত ডিজিটাল স্মার্ট কার্ডের ব্যবস্থা সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে এই পরিষেবা চালু করা হয়েছে। মহিলা যাত্রীরা বাসে উঠে কন্ডাক্টরকে একটি বৈধ পরিচয়পত্র দেখালেই পেয়ে যাচ্ছেন ‘জিরো ভ্যালু টিকিট’। তাছাড়া অ্যাডভান্স বুকিং এর জন্য জিরো ব্যালেন্স টিকিট ও পাওয়া যাবে বলে বাস ডিপো সূত্রে খবর।সরকারি নির্দেশিকা অনুসারে মোট ১২টি পরিচয়পত্রকে এই পরিষেবার জন্য বৈধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- ড্রাইভিং লাইসেন্স
- পাসপোর্ট
- আধার কার্ড (পরিচয়পত্র হিসেবে প্রযোজ্য)
পরিবহণ দপ্তর সূত্রে খবর, আগামী দিনে এই প্রক্রিয়াকে আরও সহজ ও নিপুণ করতে সমস্ত মহিলা যাত্রীদের জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালু করা হবে। সরকারের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জেলার নিত্যযাত্রী মহিলারা।

