নিজের গোডাউনে সরকারি ত্রাণ সামগ্রী মজুত, গ্রেপ্তার বীরভূমের ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক সাহা

শম্ভুনাথ সেনঃ

সরকারি ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে না পৌঁছে, তা নিজের গোডাউনে মজুত করে রাখার গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন ময়ূরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক সাহা। বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার তৃণমূলের প্রাক্তন বিধায়ক অভিজিৎ রায়ের অফিস সংলগ্ন একটি গুদামঘর থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


সোমবার মল্লারপুর থানার পুলিশ এবং ময়ূরেশ্বর-১ ব্লক প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই গুদাম থেকে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল, শিশুদের পোশাক, লুঙ্গি ও পাঞ্জাবি বাজেয়াপ্ত করে। জানা গেছে, উদ্ধার হওয়া এই সামগ্রীগুলি এলাকায় দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য সরকারিভাবে বরাদ্দ ছিল।


যদিও ধৃত নেতার দাবি, নির্বাচন ঘোষণার কারণে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ায় এই ত্রাণসামগ্রী বিতরণ করা সম্ভব হয়নি, তাই সেগুলি মজুত ছিল। তবে দীর্ঘদিন কেন তা আটকে রাখা হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সোমবার রাতে গ্রেপ্তারের পর, আজ মেডিকেল চেকআপ শেষে অভিযুক্ত কৌশিক সাহাকে রামপুরহাট আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চরম শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *