
শম্ভুনাথ সেনঃ
সপ্তাহব্যাপী আধ্যাত্মিক চেতনার পর মহাসমারোহে উদযাপিত হলো “মহামৃত্যুঞ্জয় যজ্ঞ”। বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ৩১ মে, আশ্রমের সত্যানন্দ মঞ্চে এক দিব্য ও ভক্তিঘন পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত আশ্রমের পক্ষ থেকে সপ্তাহব্যাপী ‘গীতা জ্ঞানযজ্ঞ’-এর আয়োজন করা হয়েছিল, যেখানে প্রতিদিন গীতা পাঠ ও গভীর তত্ত্বালোচনার মাধ্যমে ভক্তদের মনে ভগবত-ভাব জাগ্রত করা হয়। সেই উৎসবের ধারাবাহিকতা বজায় রেখে আজ আশ্রমের “সত্যানন্দ মঞ্চে” এই বিশেষ মহামৃত্যুঞ্জয় হোম-যজ্ঞ অনুষ্ঠিত হলো।
আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান, ব্যক্তিগত সুখ-সমৃদ্ধি নয়, বরং সমগ্র বিশ্বের শান্তি, বিশ্বকল্যাণ এবং রোগমুক্ত, সুস্থ পৃথিবীর প্রার্থনায় এই মহাযজ্ঞের সংকল্প নেওয়া হয়েছিল। সাত দিনের গীতা পাঠ এবং যজ্ঞে পৌরহিত্য করেন কোচবিহারের সিতাই শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শ্রদ্ধেয় মঠাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজ। এই পবিত্র যজ্ঞে উপস্থিত ছিলেন স্বামী সত্যশিবানন্দ মহারাজ, মহাদ্রুপানন্দ মহারাজ সহ আশ্রম অনুরাগী বহু ভক্ত ও শিষ্যরা। হোম-যজ্ঞের মূল আচার-অনুষ্ঠান পরিচালনা করেন আশ্রমের ব্রহ্মচারী অমৃত চৈতন্য, সমীর বন্দ্যোপাধ্যায় এবং সুবোধ মুখোপাধ্যায়।
মন্ত্রোচ্চারণ ও আহুতির পবিত্র ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র দুবরাজপুর। যজ্ঞ সমাপনান্তে দুপুরে এক বিশাল ভক্ত সমাবেশের আয়োজন করা হয়, যেখানে অন্তত দেড় হাজার অনুরাগী ও দর্শনার্থী পরম তৃপ্তির সাথে অন্ন প্রসাদ গ্রহণ করেন। ভক্তদের আন্তরিক যোগদান ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠানটি এক অনন্য রূপ লাভ করে।
