
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের নলহাটি রেল স্টেশন সংলগ্ন এলাকায় জবরদখল মুক্ত করতে ৩০ মে,শনিবার এক বড়সড় উচ্ছেদ অভিযান চালালো রেল দপ্তর। এদিন সকাল থেকেই রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশের (আরপিএফ) বিশাল বাহিনীর উপস্থিতিতে স্টেশন চত্বরের বিভিন্ন অবৈধ নির্মাণ ভাঙতে নামানো হয় বুলডোজার। রেলের জায়গায় গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকানপাট, শেড ও কাঠামো এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়।
রেল সূত্রে জানা গেছে, এই অভিযানের কয়েকদিন আগেই স্টেশন সংলগ্ন সমস্ত হকার ও ফুটপাত ব্যবসায়ীদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল। ৩০ মে-র মধ্যে রেলের জায়গা খালি করার জন্য কড়া নির্দেশ ছিল সেই নোটিশে। এর ফলে শুক্রবার থেকেই অনেক ছোট ব্যবসায়ী নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, ফল ও মাছের অস্থায়ী দোকান সরিয়ে নিতে শুরু করেন। তবে নির্দেশ অমান্য করে যেসব দোকান তখনও রয়ে গিয়েছিল, শনিবার বুলডোজার দিয়ে সেগুলি সম্পূর্ণ ভেঙে ফেলে রেল দপ্তর। উচ্ছেদ অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল।
ছবি ও ভিডিও: দিপু মিঞা মুরারই বীরভূম
