
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর বিধানসভার অন্তর্গত ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ ছড়াল এলাকায়। দীর্ঘদিন ধরে নূন্যতম চিকিৎসা পরিষেবা না মেলা এবং হাসপাতাল চত্বর নোংরা আবর্জনায় ভরে থাকায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে ৩১ মে রবিবার সকালে হাসপাতালের পরিবেশ ফেরাতে এক অনন্য সৌজন্যমূলক উদ্যোগ নিলেন টিকরবেতা বিজেপি বুথ কমিটির সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।
এদিন সকাল থেকেই ঝাড়ু ও কোদাল হাতে স্বতঃস্ফূর্তভাবে সাফাই অভিযানে হাত লাগান এলাকার পুরুষ ও মহিলারা। জঙ্গল ও জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করেন তাঁরা। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বছরের পর বছর চরম অবহেলায় পড়ে রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রটি।সাফাইয়ের পাশাপাশি হাসপাতালের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। অবিলম্বে নিয়মিত চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা, হাসপাতালের বেড পরিষেবা সচল করা এবং পরিকাঠামোগত আমূল পরিবর্তনের দাবি তুলেছেন তাঁরা। স্থানীয়দের সাফ কথা, দ্রুত এই ডাক্তার সংকট দূর করে সাধারণ মানুষের জন্য সুস্বাস্থ্যের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
