পর্যটকদের জন্য সুখবর: এবার সপ্তাহে ৬ দিন শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’

শম্ভুনাথ সেনঃ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বীরভূমের শান্তিনিকেতনে আগত পর্যটকদের জন্য এক দারুণ সুখবর। এবার থেকে সপ্তাহের মাত্র ৩ দিনের পরিবর্তে মোট ৬ দিন ঘুরে দেখা যাবে ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমাপ্রাপ্ত ঐতিহ্যবাহী আশ্রম প্রাঙ্গণ। আগামী ৮ জুন থেকে শুধুমাত্র বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে বিশ্বভারতীর এই বিশেষ ‘হেরিটেজ ওয়াক’ চালু হচ্ছে। তবে আশ্রমের নিরাপত্তা ও ঐতিহ্য রক্ষার স্বার্থে পর্যটকদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানিয়েছেন, সমস্ত রকম সুরক্ষার পরিকল্পনা মাথায় রেখেই পর্যটকদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশ-বিদেশের আরও অনেক বেশি মানুষ কবিগুরুর আশ্রমকে কাছ থেকে জানতে ও চিনতে ঝপারবেন।
কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী, সোম, মঙ্গল, শুক্র ও শনিবার বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত আশ্রম প্রাঙ্গণ খোলা থাকবে। বুধ ও রবিবার সকালে এবং বিকেলে দু’বার করে হেরিটেজ ওয়াকের সুযোগ মিলবে। বর্তমানে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকেই এই ভ্রমণের টিকিট সংগ্রহ করতে হবে, তবে দ্রুত অনলাইন টিকিট পরিষেবাও চালু হতে চলেছে।
সাধারণ পর্যটক ৩০০ টাকা (মাথাপিছু)
বিদেশি পর্যটক: ১০০০ টাকা (মাথাপিছু)
পড়ুয়া (একক): ১৫০ টাকা এবং পড়ুয়াদের দল: ৫০ টাকা (মাথাপিছু) হেরিটেজ ওয়াকের প্রতিটি দলে সর্বাধিক ২৫ জন পর্যটককে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
২০২৩ সালে ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর, এই চলমান বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা করা যেমন কর্তৃপক্ষের কাছে চ্যালেঞ্জের, তেমনই পর্যটকদের জন্য সুযোগ তৈরি করাও ছিল সমান জরুরি। সেই উদ্দেশ্যেই পূর্বের সীমিত নিয়ম শিথিল করে এবার প্রায় পুরো সপ্তাহ জুড়েই খুলে দেওয়া হচ্ছে শান্তিনিকেতনের অবারিত দ্বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *