অনুব্রত-ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের স্বামী গ্রেপ্তার, বীরভূমের দুবরাজপুরে রাজনৈতিক চাঞ্চল্য

শম্ভুনাথ সেনঃ

রাজনৈতিক হিংসা ও পুরোনো মামলার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল বীরভূমের দুবরাজপুরে। ২০২২ সালের পৌরসভা নির্বাচনের দিন বিজেপির পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্তকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী কল্যাণ চক্রবর্তী এবং তার দেওর রাজকুমার চক্রবর্তী। অভিযোগ, নির্বাচনের দিন ভুয়ো বা ছাপ্পা ভোটে বাধা দেওয়ায় ওই বিজেপি এজেন্টকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। দীর্ঘ দিন পর, গত মঙ্গলবার চন্দ্রশেখরবাবু দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওই দিন সন্ধ্যায় পুলিশ কল্যাণ চক্রবর্তীকে গ্রেপ্তার করে। পরদিন দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃত কল্যাণবাবু রাজনৈতিক মহলে অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, আইন অবশেষে তার নিজস্ব পথেই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *