টাকা না পেয়ে দিদিমাকে কোদালের কোপ, নাতি গ্রেপ্তার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ময়ূরেশ্বরে টাকা নিয়ে পারিবারিক বিবাদের জেরে দিদিমাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করার এক অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধার নাম লক্ষ্মী সোরেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ ঘাতক নাতি রুবন কিসকুকে গ্রেপ্তার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ জুন, শুক্রবার রাতে আদিবাসী পাড়ার বাসিন্দা লক্ষ্মী দেবীর কাছে কিছু টাকা চেয়েছিল তাঁর নাতি রুবন। কিন্তু বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করায় উভয়ের মধ্যে তীব্র বাদানুবাদ ও অশান্তি শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় চরম নৃশংসতায় ঘরে থাকা একটি কোদাল দিয়ে দিদিমার মাথায় সজোরে আঘাত করে রুবন। কোদালের আঘাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই বৃদ্ধা এবং সেখানেই তাঁর করুণ মৃত্যু হয়।
শনিবার ধৃত রুবন কিসকুর স্বাস্থ্য পরীক্ষা করানোর পর তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *