
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজারে সাতসকালেই ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি স্কুটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল স্কুল পড়ুয়া বোঝাই একটি ছোট চারচাকা গাড়ি। আজ ১৭ জুন,বুধবার সকালে বোলপুর-ইলামবাজার রাস্তার ধল্লা মোড়ের কাছে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অন্তত ১২ জন স্কুল পড়ুয়া এবং স্কুটি চালক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোলপুরগামী একটি স্কুটি আচমকা উল্টো দিক থেকে আসা দ্রুত গতির স্কুলগাড়িটির সামনে চলে আসে। স্কুটি আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িচালক সজোরে ব্রেক কষলে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, পড়ুয়াদের চোট গুরুতর না হলেও, স্কুটি চালকের অবস্থার অবনতি হওয়ায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
