
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলায় সংগঠনকে গ্রামীণ স্তরে আরও মজবুত করতে এবং আগামী দিনে দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে আজ ২৩ জুন এক গুরুত্বপূর্ণ কর্মী বৈঠকের আয়োজন করে বীরভূমের ইলামবাজার ব্লক কিষান কংগ্রেস। এদিনের এই রাজনৈতিক সভায় কংগ্রেস কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার মূল আকর্ষণ ছিল দলবদল, যেখানে অন্তত ১৫০টি পরিবারের সদস্যদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের দলে শামিল করা হয়।
ইলামবাজারের এই বিশেষ কর্মী বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব দিস্তার আলী। সভায় উপস্থিত থেকে কর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বার্তা দেন রাজ্য কিষান কংগ্রেসের সভাপতি তপন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ বাদশা, ইলামবাজার ব্লক যুব কংগ্রেসের সভাপতি শেখ মহিবুল এবং জেলা কিষান কংগ্রেসের সহ-সভাপতি শেখ নাজিম উদ্দিন সহ একঝাঁক জেলা নেতৃত্ব। আগামী দিনে বীরভূমে কংগ্রেসের সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার রূপরেখা এদিন কর্মীদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়, যা কর্মীদের মনে নতুন শক্তির সঞ্চার করেছে।
