
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর মহকুমা প্রশাসনিক ভবনের পরিবহন দপ্তরে এক ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন এবং পুলিশ বাহিনী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক কম্পিউটার, ইউপিএস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সরকারি নথিপত্র। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সমস্ত সুইচ ও প্লাগ বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে আগুন লাগল, তা অত্যন্ত সন্দেহজনক। দুর্নীতির তথ্যপ্রমাণ লোপাট করতেই এই পরিকল্পিত অন্তর্ঘাত কি না, সেই প্রশ্ন তুলেছেন তারা। অন্যদিকে, মহকুমা শাসক ডঃ অনিমেষকান্তি মান্না জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো অস্পষ্ট। শর্ট সার্কিট নাকি অন্য কোনো রহস্য রয়েছে, তা পুলিশ ও দমকলের যৌথ তদন্তের পরেই খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
