শান্তিনিকেতনে সই জাল করে রিসর্ট দখলের অভিযোগ: নাম জড়াল অনুব্রত-ঘনিষ্ঠদের

শম্ভুনাথ সেনঃ

শান্তিনিকেতনে আস্ত একটি বিলাসবহুল রিসর্ট দখলের অভিযোগে তোলপাড় বোলপুর। সরকারি হাসপাতালের চিকিৎসক সিদ্ধার্থ দাসের অভিযোগ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অপূর্ব মুখোপাধ্যায় ও ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল তাঁর সই জাল করে ‘আয়াস’ রিসর্টের মালিকানা হাতিয়ে নিয়েছেন।
ভুক্তভোগী চিকিৎসকের দাবি, ২০১৭-১৮ সালে যৌথ বিনিয়োগে শান্তিনিকেতনে জমি কিনে রিসর্টটি তৈরি করেছিলেন তিনি। এর জন্য তিনি প্রায় সাড়ে তিন কোটি টাকা বিনিয়োগ করেন। ২০২১ সালে রিসর্ট চালুর পর তিনি জানতে পারেন, তাঁর অগোচরেই সম্পত্তি হাতবদল হয়েছে। প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয় এবং বীরভূমের তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও বিকাশ রায়চৌধুরীর নাম করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে রিসর্টটি অভিযুক্তদের পরিবারের সদস্যদের নামে নথিভুক্ত রয়েছে। ভয়ভীতির কারণে এতদিন মুখ খুলতে না পারলেও, রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর ন্যায়বিচার চেয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই চিকিৎসক। এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্তরা সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। জেলা প্রশাসন অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *