
শম্ভুনাথ সেনঃ
পুলিশের গাড়ির ধাক্কায় এক তরতাজা যুবকের অকাল মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের চন্দ্রপুর থানার বড়কোন্দা এলাকা। উত্তেজিত জনতার বিক্ষোভ, পথ অবরোধ ও পুলিশকে ঘিরে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজনগর-সিউড়ি রাজ্য সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের বাড়ি রাজনগর থানার খোদাইবাগ গ্রামে। এদিন চন্দ্রপুরের বড়কোন্দা ও হীরাখুনির মধ্যবর্তী এলাকায় পুলিশের একটি গাড়ি সজোরে ওই যুবকের মোটরসাইকেলে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়ে মৃত্যু হয় তাঁর। এই খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও জেলা পুলিশের পদস্থ কর্তারা।

