
শম্ভুনাথ সেনঃ
আবেদন সত্বেও অন্নপূর্ণা ভাণ্ডার যোজনায় টাকা না পেয়ে বীরভূমের বোলপুর পৌরসভায় তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বঞ্চিত মহিলারা। আজ ২ জুলাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে এসে একদল মহিলা এক্সিকিউটিভ অফিসারের কক্ষের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। বারবার অপেক্ষা করেও কোনো সুরাহা না হওয়ায় আজ তাঁরা বাধ্য হয়ে পৌরসভা কার্যালয়ে ক্ষোভ উগরে দেন।
পরবর্তীতে পৌরসভা কর্তৃপক্ষ ও পুলিশ আধিকারিকরা আন্দোলনকারী মহিলাদের সাথে ধৈর্য সহকারে আলোচনা করেন। প্রশাসনের তরফে আশ্বস্ত করে জানানো হয় যে, মূলত যান্ত্রিক ও পোর্টাল সংক্রান্ত সমস্যার কারণেই এই বিলম্ব। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত বকেয়া টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এর জন্য তাঁদের নতুন করে কোনো হয়রানির শিকার হতে হবে না। প্রশাসনের এই ইতিবাচক আশ্বাসের পর মহিলারা শান্ত হয়ে বিক্ষোভ তুলে নেন।
