বীরভূমের ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গলে লরি-টোটোর মুখোমুখি সংঘর্ষ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গল সংলগ্ন বোলপুর-ইলামবাজার রাস্তায় ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টোটোকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টোটোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তড়িঘড়ি উদ্ধারকার্যে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইলামবাজার থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় টোটো আরোহীদের রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি। পুলিশ ইতিমধ্যেই ঘাতক লরি ও ক্ষতিগ্রস্ত টোটোটিকে আটক করেছে। চালকের অসতর্কতা নাকি গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *