স্কুলফেরত ছাত্রীদের উপর মদ্যপায়ীদের জ্বালাতন:নিরাপত্তার দাবিতে বীরভূমের মুরারই থানায় অভিভাবকদের বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের বালিয়া ফতুল্লাপুর গ্রামের পড়ুয়ারা আজ ১০ জুলাই এক চরম আতঙ্কের সম্মুখীন হল। রতনপুর হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে, বাঁশলৈ রোড ব্রিজ থেকে রেল ব্রিজের মধ্যবর্তী এলাকায় কয়েকজন মদ্যপ যুবক ছাত্রীদের পিছু নেয়। তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা প্রয়োগ করা হয় এবং তাড়া করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; প্রায়শই এই রাস্তায় ছাত্র-ছাত্রীদের এমন হেনস্থার শিকার হতে হয়। ফলে স্কুল যাওয়ার নামেই এখন আতঙ্ক গ্রাস করেছে কচিকাঁচাদের। দশম শ্রেণীর’এক ছাত্রী অঙ্কিতা সাহা জানান,”আমরা শুধু শান্তিতে পড়াশোনা করতে চাই। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক এবং এলাকার মদের ডেরাগুলো অবিলম্বে উচ্ছেদ করা হোক।”
এই ঘটনার স্থায়ী সমাধানের দাবিতে আজ ক্ষোভে ফেটে পড়েন বালিয়া গ্রামের অভিভাবকরা। তাঁরা মুরারই থানায় এসে বিক্ষোভ দেখান এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে লিখিত আবেদন জমা দেন। পুলিশ ঘটনার তদন্ত ও এলাকায় কড়া নজরদারির আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *