
শম্ভুনাথ সেনঃ
পুথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে হাতে-কলমে শিক্ষার পাঠ দিতে এক অভিনব প্রয়াস দেখাল বীরভূম। আজ, ১১ জুলাই দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি আকর্ষণীয় বিজ্ঞান মডেল প্রদর্শনী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তাদের মেধা ও সৃজনশীলতার পরিচয় দিয়ে মোট ৩৮টি বিজ্ঞান মডেল প্রদর্শন করে। এই উদ্যোগে শামিল হয়েছিল বিদ্যালয়ের ৫২ জন পড়ুয়া। প্রদর্শনীতে খুদে বিজ্ঞানীদের তৈরি ‘সিসমো অ্যালার্ম’, ‘হাইড্রোলিক জেসিবি’, ‘জলবিদ্যুৎ তৈরি’, ‘চন্দ্রযান মডেল’, ‘বৃষ্টির জল সংরক্ষণ’, ‘হাইড্রো পাওয়ার প্ল্যান্ট’-এর মতো প্রজেক্টগুলো উপস্থিত সকলের নজর কাড়ে। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামের ভূমিপুত্র তথা বিশিষ্ট অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ।

উচ্চশিক্ষায় বিজ্ঞানের উপযোগিতা নিয়ে ছাত্রদের উৎসাহিত করতেই বিদ্যালয়ে এমন অভিনব প্রয়াস বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী, বিজ্ঞান শিক্ষক সৌভিক দত্ত ও দেবব্রত ঘোষ। অনুষ্ঠানে গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক তথা বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ এবং পরিচালন সমিতির সভাপতি তথা দুবরাজপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান পীযূষ পান্ডে। শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রদের উপস্থিতিতে এই প্রদর্শনী নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলতে দারুণ সফল হয়েছে।

