বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি লোপাট: কর্তৃপক্ষ উদাসীন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি সম্পত্তি চুরির এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। পি ডব্লিউ ডি (ইলেকট্রিক্যাল) দপ্তরের নজরদারি এড়িয়ে হাসপাতাল চত্বর থেকে গায়েব হয়ে গেছে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি আস্ত ‘থ্রি ফেজ প্যানেল’, জেনারেটর এবং অত্যন্ত মূল্যবান বিদ্যুৎ সরঞ্জাম ও কেবল।এই বিপুল চুরির ঘটনায় হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে চুরির চেয়েও বেশি শোরগোল ফেলেছে প্রশাসনের অভ্যন্তরীণ টানাপোড়েন। ঘটনার পর জুনিয়র ইঞ্জিনিয়ার কর্তৃক তাঁর উচ্চপদস্থ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে লিখিত চিঠি পাঠিয়ে কৈফিয়ত চাওয়ার মতো এক ‘আজব’ প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। গত দু’মাস ধরে এই নিয়ে চিঠি চালাচালি ও বিভাগীয় টানাপোড়েন চললেও, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও হাসপাতাল প্রশাসন রহস্যজনকভাবে নীরব।
বারবার এই ধরণের চুরির ঘটনা এবং অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ বা নিরপেক্ষ তদন্ত দেখা যায়নি। ফলে স্বাভাবিকভাবেই এই দুর্নীতির নেপথ্যে কোনো প্রভাবশালী মহলের মদত রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। রামপুরহাটবাসী অবিলম্বে হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *