লটারির আড়ালে মাদকের আসর! বীরভূমের দুবরাজপুরে শ্রীঘরে দোকান মালিক দুলাল

শম্ভুনাথ সেনঃ

লটারি বিক্রির আড়ালে রমরমিয়ে চলছিল নিষিদ্ধ মাদক কারবার। তবে শেষরক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে বীরভূমের দুবরাজপুর থানার পুলিশের একটি বিশেষ অভিযানে পর্দাফাঁস হলো এই অবৈধ ব্যবসার। হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে লটারি দোকানের মালিক দুলাল গড়াইকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুবরাজপুরের স্টেশন রোড সংলগ্ন ডিএসএ ক্লাবের ঠিক পাশেই ‘বৈশাখী লটারি এজেন্সি’ নামে একটি দোকান চালাতেন দুলাল। দীর্ঘদিন ধরে লটারি বিক্রির আড়ালে সেখানে চলত মাদক কেনাবেচা। বিষয়টি পুলিশের নজরে আসতেই ছক কষা হয়। দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই দোকানে অতর্কিতে হানা দেয়। জোরদার তল্লাশি চালিয়ে দোকান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য।পুলিশি জেরায় ধৃত দুলাল গড়াই নিজের অপরাধ কবুল করেছেন। পুড়িয়া বানিয়ে তিনি গ্রাহকদের কাছে মাদক বিক্রি করতেন বলেও স্বীকার করেন।
শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মতো জনবহুল এলাকায় এমন অসামাজিক কর্মকাণ্ড চলায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছিল। তবে পুলিশের এই ঝটিকা অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়। এই মাদক চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর পেছনে আর কারা জড়িত, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *