
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা পুলিশের তৎপরতায় পাচার রুখে বড় সাফল্য পেল মুরারই থানা। গোপন সূত্রে খবর পেয়ে মধ্যরাতে মুরারই–চাতরা রোডের বঠিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে একটি সাদা স্করপিও গাড়ি আটক করে তল্লাশি চালাতেই মিলল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। গাড়ির ভেতর থেকে তিনটি নাইলনের বস্তায় লুকানো অবস্থায় উদ্ধার হয়েছে ১,৬৫০টি সিল করা নিষিদ্ধ কোডিন মিশ্রিত কফ সিরাপের বোতল, যার মোট পরিমাণ প্রায় ১৬৫ লিটার।
এই ঘটনায় সাঁইথিয়া থানার বাগডোলা গ্রামের বাসিন্দা মুকলেসুর সেখ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত যুবক নিষিদ্ধ সিরাপ পরিবহনের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়। সার্কেল ইন্সপেক্টর বিপ্লব মাইতির উপস্থিতিতে পুরো উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়। ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সিউড়ির বিশেষ আদালতে তোলা হয়েছে। এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ কোথা থেকে এল এবং এর নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ। এই অভিযানে এলাকায় মাদক কারবারিদের মনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
