বীরভূমে “অরণ্য সপ্তাহ ও বন মহোৎসব” পালন: সবুজের আহ্বানে সামিল জেলা

শম্ভুনাথ সেনঃ

১৪ থেকে ২০ জুলাই রাজ্যব্যাপী পালিত ‘অরণ্য সপ্তাহ’ উপলক্ষে বীরভূমের পরিবেশ সচেতনতায় এক নতুন জোয়ার পরিলক্ষিত হয়েছে। সবুজায়নের লক্ষ্যে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রকৃতিকে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আজ ১৮ জুলাই রামপুরহাট পাঁচমাথা মোড়ে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা ও রামপুরহাট মহকুমা শাসকের উপস্থিতিতে প্রায় ১,০০০টি চারাগাছ স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হয়। বিধায়ক তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল গাছ লাগানো নয়, বরং চারাগাছগুলোর সঠিক পরিচর্যার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অন্যদিকে, ১৭ জুলাই দুবরাজপুর ব্লকের হেতমপুরের কৃষ্ণচন্দ্র কলেজে ১৫ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি, সিউড়ির উদ্যোগে সাড়ম্বরে পালিত হয়েছে ‘বন মহোৎসব-২০২৬’। কর্নেল এস এস রায়ের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের ২১ জন এনসিসি ক্যাডেট অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মেজর ড. আর কে বিশ্বাসের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষ ড. গৌতম চ্যাটার্জি ও টিচার্স কাউন্সিলের সম্পাদক ড. সৈকত সাহু বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। একই সময়ে জেলার বিভিন্ন প্রান্তে এই বৃক্ষরোপণ কর্মসূচি আগামী প্রজন্মের জন্য একটি নির্মল ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে তুলল। সবুজের আহ্বানে সাড়া দিয়ে জেলাবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিবেশ রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *