সিউড়ি বেসরকারি হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগ খুন

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

বীরভূমের সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে এক তরুণী নার্সের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে হাসপাতালের নার্সদের কক্ষ সংলগ্ন একটি রুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত নার্সের নাম তনুশ্রী মাল (২৬)। তাঁর বাড়ি সিউড়ির ডাঙালপাড়া এলাকায়। জানা গেছে, বুধবার রাতে তিনি হাসপাতালের নাইট শিফটে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকালে হাসপাতালের কর্মীরা তাঁকে রুমে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তনুশ্রীর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। মৃতার বাবা জানান, বুধবার রাতেও মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল। ভোর ৫টা থেকে তিনি বারবার ফোন করলেও কোনও সাড়া পাননি। পরে হাসপাতালে এসে মেয়ের মৃত্যুর খবর জানতে পারেন। তিনি বলেন, তাঁর মেয়ে অত্যন্ত দায়িত্বশীল এবং নিয়মিত নিজের কাজ করতেন। তাই এই মৃত্যুকে তিনি স্বাভাবিক বলে মানতে পারছেন না। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ, কর্মীদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *