পঞ্চায়েত ও পুরসভায় জন্ম-মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখছে পুলিশ, জাল শংসাপত্র রুখতেই রাজ্যজুড়ে অভিযান

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজ্য সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পৌরসভায় একযোগে শুরু হয়েছে জন্ম ও মৃত্যুর নথি যাচাই অভিযান। মূল উদ্দেশ্য, ভুয়ো জন্ম-মৃত্যুর শংসাপত্র তৈরি ও ব্যবহার রোধ করা, অনিয়ম চিহ্নিত করা এবং প্রয়োজনে অবৈধ নথি বাজেয়াপ্ত করা। বৃহস্পতিবার (২৩ জুলাই) জেলার বিভিন্ন পঞ্চায়েত ও পৌরসভার সভাকক্ষে পুলিশের উপস্থিতিতে জন্ম-মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখা হয়। এসআই ও এএসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকরা সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। জেলার অন্যান্য এলাকার পাশাপাশি লোকপুর থানার অধীন লোকপুর, নাকড়াকোন্দা এবং রূপুষপুর গ্রাম পঞ্চায়েতেও এই নথি পরীক্ষার কাজ চলে। লোকপুর গ্রাম পঞ্চায়েতে সেই চিত্র ধরা পড়ে আমাদের ক্যামেরায়।
লোকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তাপস দাস এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজিত কুমার পাল পৃথক সাক্ষাৎকারে জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্থানীয় থানার পুলিশ জন্ম ও মৃত্যুর রেজিস্টার পরীক্ষা-নিরীক্ষা করছে। যাচাইয়ের পর নির্দিষ্ট নিয়ম মেনে নথিগুলি সিজ করে সংরক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। এই কাজে জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মীরা পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছেন বলেও তাঁরা জানান।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ভুয়ো জন্ম ও মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগ বিভিন্ন এলাকায় সামনে আসছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই নথির স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে জাল শংসাপত্রের অপব্যবহার রোধে রাজ্য সরকারের উদ্যোগে এই বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রশাসনের আশা, এই পদক্ষেপের ফলে জন্ম-মৃত্যু সংক্রান্ত সরকারি নথি আরও নির্ভুল ও স্বচ্ছ হবে এবং জালিয়াতি রোধে কার্যকর ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *